বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী দুই দিনের এই ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে। তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।
সোমবার (৩ মার্চ) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেমনি পামওয়েল সরকার নির্ধারিত দামের থেকে ২৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্য তেলের ৬০ শতাংশ পামওয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের এস এম ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বায়ান্ন/এমএমএল/একে