ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের 'ভাই ভাই মোল্লা ব্রিকস' নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। সে সময় ভাটার মাটিটানা ট্রাক্টর পেছানোর সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, "দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"