অর্থনীতি ও বাণিজ্য

আজ থেকে আবার ট্রাকে মিলবে টিসিবির পণ্য

এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারও ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী দামে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, আজ থেকে ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট স্থানে ট্রাক সেলের মাধ্যমে সাধারণ ভোক্তাদের জন্য পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায়ও এ কার্যক্রম চালু করা হবে।

টিসিবির স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলো নিয়মিত ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারছে। তবে যাদের কার্ড নেই, তারাও এবার ট্রাক সেল থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

 

ট্রাক থেকে পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে-

ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল): সর্বোচ্চ ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা)

মসুর ডাল: ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা)

চিনি: ১ কেজি (প্রতি কেজি ৭০ টাকা)

ছোলা: ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা)

খেজুর: ৫০০ গ্রাম (১৫৫ টাকা)

 

রমজান উপলক্ষে বিশেষভাবে ছোলা ও খেজুর বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রামের ২০টি নির্দিষ্ট স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি চলবে। এছাড়া, খুব শিগগিরই অন্যান্য বিভাগীয় শহর ও কিছু নির্দিষ্ট জেলায়ও কার্যক্রম শুরু করা হবে।

বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে গত বছরের ২৪ অক্টোবর থেকে টিসিবি ট্রাক সেল চালু করেছিল। তবে ৩১ ডিসেম্বরের পর তা বন্ধ হয়ে যায়। চলমান মূল্যস্ফীতির চাপ কমাতে সরকার ফের এ উদ্যোগ নিয়েছে।

টিসিবির এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষদের স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা, যাতে তারা ন্যায্য দামে পণ্য কিনতে পারে এবং বাজারের অস্থিরতা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

টিসিবির ট্রাক সেল কার্যক্রম সাধারণ মানুষের জন্য এক বড় সহায়তা। বিশেষ করে যাদের সামর্থ্য সীমিত, তারা এ সুবিধা নিয়ে কিছুটা স্বস্তি পাবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

বায়ান্ন/এএস



সম্পর্কিত খবর