খুলনা

নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামীও। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর স্বামী রোমান মোল্লার (৬০) মৃত্যু হয়।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্লার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও অধিকাংশ সময়ই অসুস্থ থাকতেন তিনি। এ পরিস্থিতিতে শনিবার রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্লার স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন রোমান মোল্লা নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য মুসল্লিরা তাঁকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে, রবিবার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁদের ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাঁদের পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 


সম্পর্কিত খবর