অর্থনীতি ও বাণিজ্য

মঙ্গলবার থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থনৈতিক শুমারি

১০ বছর পর মঙ্গলবার থেকে টানা ১৫ দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি। এই অর্থনৈতিক শুমারিতে ৭০টি প্রশ্ন উঠে আসবে।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিএস মহাপরিচালক মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিবিএসের কর্মকর্তারা প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি নিয়েছেন। এবারের অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ পদ্ধতিকে আরও উন্নত করার জন্য প্রচার-প্রচারণা এবং প্রশিক্ষণ কার্যক্রম করা হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে শুমারির তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যে লিস্টিংয়ের মাধ্যমে ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এবার শুমারিতে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন– সেসব তথ্য তুলে ধরা হবে।

আরও জানানো হয়, সারা দেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ইতোমধ্যে প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে।

এ সময় অর্থনৈতিক শুমারির কর্মপদ্ধতি তুলে ধরেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন এবং যুগ্ম সচিব ড. দিপঙ্কর রায়।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর