বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা।
কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ১০২টি ফলদ এবং ৭০টি বনজ গাছের চারা ছিল। এ ছাড়া চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য কৃষকদের মাঝে ২০ কেজি জৈব সার এবং ১৭ কেজি রাসায়নিক সারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, তেমনি কৃষকদের বাড়তি আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা কৃষকদের বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।