খুলনা

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভণ্ডের রাজনীতি কায়েম করছে: রাশেদ খান

এনসিপি বাংলাদেশে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

রাশেদ খান বলেন, “এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত একটি ধুরন্ধর দল। তারা নিজেরা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্ক ভালো রাখছে। সংসদ চলাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দেয়, কিন্তু মাঠে গিয়ে দেখি তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয়। আবার তারাই এনসিপির নেতৃবৃন্দকে দিয়ে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে গালিগালাজ করায়।”

 

তিনি আরও বলেন, “এনসিপির নেতৃবৃন্দকে বলব, আপনারা রাজনীতির পরিবেশ যদি নষ্ট করেন, তবে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।” এ সময় জামায়াত ও এনসিপির সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন রাশেদ খান।

 

এর আগে জেলা প্রশাসকের (বা জেলা পরিষদের) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ ও জেলা প্রশাসক নোমান হোসেনসহ সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলার নানা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও তা সমাধানের বিষয়ে পরামর্শ গ্রহণ করেন রাশেদ খান এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 


সম্পর্কিত খবর