ঢাকা

ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচদোনায় সিএনজির দুই যাত্রী নিহত

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার হারিস মোল্লার ছেলে নূর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৯টার দিকে অটোরিকশাটি পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা যাত্রী নূর উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নূর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশাচালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


সম্পর্কিত খবর