ময়মনসিংহ

কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

জামালপুরের ঐতিহাসিক কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি-৮৬’ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে ‘বন্ধুত্বের বন্ধন চিরন্তন’ স্লোগানকে সামনে রেখে সাবেক শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য উৎসবে মেতে ওঠেন।

স্মৃতিচারণা, দোয়া মাহফিল ও উপহার বিতরণের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিচয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ চার দশকের পথচলার গল্প এবং বর্তমান অবস্থানের কথা সহপাঠীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ব্যাচের জ্যেষ্ঠ শিক্ষার্থী মো. আবদুল করিম খোকা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের সম্মাননা উপঢৌকন প্রদান করেন ৮৬ ব্যাচের শিক্ষার্থীরা। মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেলে দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে মো. আক্তারুজ্জামানকে সভাপতি, মো. বজলুর রশীদকে সাধারণ সম্পাদক এবং মো. আনিছুর রহমান সুরুজকে কোষাধ্যক্ষ করে এই ব্যাচ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. আনিছুর রহমান রঞ্জু, সুলতান আহমেদ সিপাই, মো. নূরুজ্জামান চৌধুরী, মঞ্জুরুল মোল্লা, শাহনাজ বেগম শেফালী ও নাসরীন সুলতানা বিথী। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাটি এক আবেগঘন পরিবেশে সমাপ্ত হয়।

 


সম্পর্কিত খবর