রাজশাহী

কোটি টাকার সংস্কারেও টেকেনি জয়পুরহাট-হিলি সড়ক, আড়াই মাসেই পিচ উঠে গর্ত

সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র আড়াই মাসের মাথায় জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন শত শত যানবাহন চলাচলকারী চালক ও যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণেই অল্প সময়ের মধ্যেই সড়কের এই বেহাল দশা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের সংস্কারে ব্যয় হয়েছে ২৫ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৮৭৩ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ত্রিব্রা লিমিটেড কাজটি বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত চার কিলোমিটার অংশে নতুন কার্পেটিং এবং বাকি অংশে প্রয়োজনীয় সংস্কার করা হয়। চলতি বছরের ৮ মে কাজ শেষ হয়।

কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই জয়পুরহাট শহর থেকে পুরানাপৈল পর্যন্ত বিভিন্ন স্থানে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের ওপরের স্তর উঠে গিয়ে খোয়া বের হয়ে এসেছে। এতে যানবাহন চালাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের। বিশেষ করে বর্ষার সময়ে গর্তগুলো পানিতে ঢেকে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম  বলেন, "কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই পিচ উঠতে শুরু করে। এখন গাড়ি চালাতে খুবই ঝুঁকি মনে হয়। দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।"

নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, "সংস্কারের এত অল্প সময়ের মধ্যে সড়ক নষ্ট হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজের মান যাচাই করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে হবে।"

এ বিষয়ে জয়পুরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজেশ খান বলেন, "ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো রক্ষণাবেক্ষণ সময়সীমার (ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ড) মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো তাদের নিজস্ব খরচে মেরামত করতে হবে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।"

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ত্রিব্রা লিমিটেড-এর ব্যবস্থাপক নাজমুল হক (মাসুম) বলেন, চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে তা আমরা মেরামত করব। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশগুলো চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।



সম্পর্কিত খবর