জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর নির্বাচনী জনসভায় নাম ঘোষণা নিয়ে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, জনসভা চলাকালে মিছিলে নেতৃত্বদানকারী স্থানীয় কয়েকজন নেতার নাম মঞ্চ থেকে ঘোষণা না করায় নেতাকর্মীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং সভাস্থলে হট্টগোল শুরু হয়। এই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো বাধা বা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে স্তিমিত করতে পারবে না।” তিনি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতা খালেদুল মাসুদ আঞ্জুমানের সভাপতিত্বে জনসভায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশৃঙ্খলার বিষয়ে স্থানীয় নেতারা জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সমাবেশ শেষে প্রার্থীর নেতৃত্বে এলাকায় গণসংযোগ চালানো হয়।