খাগড়াছড়ির মাটিরাঙায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৩ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ভোররাতে একটি বিশেষ টহল দল তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। পানছড়ির দিক থেকে রাত আড়াইটার দিকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। দুই আরোহী মোটরসাইকেলের গতি কমিয়ে হঠাৎ বাড়িয়ে তাইন্দং এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল পিছু নেয়। তিন কিলোমিটার ধাওয়া করার পর দিশেহারা হয়ে বিরাশিটিলা নামক এলাকার অন্ধকার ও দুর্গম কাদামাটির সরু রাস্তায় ঢুকে পথ না পেয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের নিচে ফেলে পালিয়ে যায় তারা।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস জব্দ করেন বিজিবি সদস্যরা। এই এলাকায় ক্রিস্টাল মেথ আইস জব্দের ঘটনা এটিই প্রথম।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
যামিনীপাড়া (২৩ বিজিবি) জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সীমান্তে অবৈধ চোরাচালান, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।