গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমুনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমুনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।
একপর্যায়ে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মুঠোফোনে বোটের মালিককে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমুনি থেকে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকায় বিকল ফিশিং বোটটি শনাক্ত করে এর আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।