গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গাকৃবির উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব অ্যাগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। ড. আহমেদ মুস্তফার উদ্যোগ ও সহযোগিতায় এ সফরের আয়োজন করা হয়।
সাক্ষাতে উপাচার্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ২০২৫ ও ২০২৬ সালে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) এবং কিউএস র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। তিনি কৃষি ও মৎস্য খাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবিত প্রযুক্তি এবং নতুন জাত উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন।
আলোচনায় শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় ড. আহমেদ মুস্তফা ও টিমোথি জে. ব্রুস গাকৃবি, অবার্ন ইউনিভার্সিটি এবং পারডিউ ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন। উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানান।
সাক্ষাতে গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উপাচার্য বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন। পরে টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার ও ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন এবং গবেষণা অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।