ঢাকা

গাজীপুরের শ্রীপুরে সুতা কারখানায় ভাঙচুর, ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড (AA Yarn Mills Ltd.) সুতা কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এই ভাঙচুরের ফলে প্রায় ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

 

শুক্রবার রাতে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন।

 

 

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে কারখানার বিভিন্ন ইউনিটে ভাঙচুর চালান। এ সময় দামি উৎপাদন মেশিন, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

 

ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, "একেকটি মেশিনের দাম প্রায় দেড় কোটি টাকা। শতাধিক ল্যাপটপ ও মেশিনের মনিটর ভাঙচুর করা হয়েছে। বেতন পরিশোধের পরও শ্রমিকেরা টানা তিন দিন মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০০ কোটি টাকা।"

 

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, "কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ মামলায় উল্লেখ করেছে, শ্রমিকেরা ভাঙচুর করে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিসাধন করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"

 

 

গত ২৩ অক্টোবর শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকার এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন এবং কারখানায় ভাঙচুর চালান। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে ২৭ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। এর পরও টানা তিন দিন শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।



সম্পর্কিত খবর