গ্যাস-সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট, নরসিংদী জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী সমবেত হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গ্যাস ও বিদ্যুৎ-সংকট এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি চরম দুর্ভোগে পড়েছে। এর নেতিবাচক প্রভাব কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পড়ছে। বিশেষ করে শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলার বস্ত্রশিল্পের উৎপাদন ব্যাহত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় ১১ দলীয় ঐক্যজোট ছয় দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—
১. সারাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা;
২. লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা;
৩. বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা;
৪. সঠিক মিটার রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল প্রদান করা;
৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা; এবং
৬. জনস্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা।
সমাবেশে বক্তারা বলেন, জনস্বার্থে উত্থাপিত এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে। একই সঙ্গে শিল্প উৎপাদন ও দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ফিরে আসবে।
স্মারকলিপিতে জনগণের দুর্ভোগ লাঘবে এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক ও কার্যকর উদ্যোগ কামনা করা হয়।
১১ দলীয় ঐক্যজোট, নরসিংদী জেলার পক্ষে মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁঞা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।