রংপুর

গ্যাস সংকট ও লোডশেডিং নিরসনে ঠাকুরগাঁওয়ে ১১ দলের স্মারকলিপি প্রদান

দেশব্যাপী তীব্র গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ১১ দফা সংবলিত স্মারকলিপি প্রদান করেছে '১১ দলীয় ঐক্য', ঠাকুরগাঁও জেলা শাখা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক রফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, "আমরা দ্রুত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।"

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে চলমান অর্থনৈতিক ও নাগরিক সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে।

১১ দফা দাবিতে আরও বলা হয়, গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছেন। এছাড়া দীর্ঘ সময়ের লোডশেডিং শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না মিললেও ভূতুড়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে, যা জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এসব বিষয়ে সরকারপ্রধানকে দ্রুত দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ, এনসিপির জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইসমাইল বিন হায়দার, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক সামসুল আলম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবীসহ ১১ দলের নেতারা।

স্মারকলিপি প্রদান শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে জনগণের ন্যায্য অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক কর্মসূচি অব্যাহত রাখবে।



সম্পর্কিত খবর