পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উত্তর রামপুর দাখিল মাদরাসার নতুন ভবনের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি ও সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে ৯ মাসের প্রকল্প ৫২ মাসে ঠেকায় প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালের অক্টোবর মাসে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের কার্যাদেশ পায় ‘মেসার্স মনিরা এন্টারপ্রাইজ’। ৯ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও বর্তমানে কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ। তবে দপ্তরের নথিতে কাজের অগ্রগতি ৭০ শতাংশ দেখানো হয়েছে এবং ইতিমধ্যে ৩২ লাখ টাকা বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
মাদরাসার সুপারিনটেনডেন্ট সানাউল্লাহ বলেন, “দীর্ঘ সময় ধরে কাজ ঝুলে থাকায় আমরা শ্রেণিকক্ষ সংকটে ভুগছি। দ্রুত ভবনটি সম্পন্ন করার জন্য আমরা বারবার শিক্ষা প্রকৌশল দপ্তরে ধরনা দিয়েছি।” নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ঘর সংকটের কারণে প্রচণ্ড গরমে বা বৃষ্টিতে তাদের চরম কষ্টের মধ্য দিয়ে ক্লাস করতে হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা বলেন, “অর্থ সংকট ও ঠিকাদারের ব্যক্তিগত সমস্যার কারণে বিলম্ব হয়েছে। আমরা দ্রুত কাজ শেষ করার জন্য বারবার চিঠি দিচ্ছি। বর্তমানে সাটারিংয়ের কাজ শুরু হয়েছে।”