সিলেট

চুনারুঘাটে গোয়ালঘরে রহস্যজনক আগুন, পুড়ে মারা গেল ৪ গরু

হবিগঞ্জের চুনারুঘাটে একটি গোয়ালঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের হানাঘড়ি গ্রামের কৃষক সুহেল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম খাঁন জানান, গভীর রাতে হঠাৎ সুহেল মিয়ার গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তে আগুনের শিখা ছড়িয়ে পড়লে ভেতরে থাকা দুটি ষাঁড়সহ চারটি গরু দগ্ধ হয়ে মারা যায়। গোয়ালঘরে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকায় আগুনের সূত্রপাত নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক সুহেল মিয়ার দাবি, কেউ পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে থাকতে পারে।

খবর পেয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও সৈয়দ সাকেরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতি সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পর্কিত খবর