রংপুর

জলঢাকায় যানজট চরমে, স্থবির হয়ে পড়ছে জনজীবন

নীলফামারীর জলঢাকা পৌরশহরে প্রতিদিনের তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে জনজীবন। তিনটি স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ আন্তঃজেলা যানবাহনের চাপে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক দুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে।

 

সরেজমিনে দেখা গেছে, বুড়িমারী, চিলাহাটি ও বাংলাবান্দা স্থলবন্দরের যানবাহন যাতায়াতের প্রধান সংযোগস্থল হচ্ছে এই জলঢাকা শহর। ডোমার-ডিমলা এবং ডালিয়া-জলঢাকা—এই দুটি প্রধান সড়ক ব্যবহার করেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শত শত যানবাহন দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। সড়ক দুটির প্রশস্ততা কম হওয়া এবং যত্রতত্র অটোরিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকার কারণে প্রতি মুহূর্তেই যানজট সৃষ্টি হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শহরের প্রধান সড়কগুলোতে কোনো ফুটপাত না থাকায় হকাররা রাস্তার ওপরই ব্যবসা করছেন। এছাড়া ভ্যান বা সিএনজিচালিত অটোরিকশার জন্য সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় চালকরা যত্রতত্র গাড়ি রাখছেন। বিশেষ করে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিস্থিতি প্রকট আকার ধারণ করে। সীমিত জনবল নিয়ে ট্রাফিক পুলিশকে এই বিশৃঙ্খলা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

 

পৌরবাসী আজিজার রহমান বলেন, "সরু সড়ক দিয়ে ভারী যান চলাচলের কারণেই মূলত এই ভোগান্তি। দ্রুত সড়ক দুটি চার লেনে উন্নীত করা এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করা জরুরি।"

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং পথচারীদের জন্য ফুটপাত তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া যানবাহনের জন্য সুনির্দিষ্ট পার্কিং এলাকা নির্ধারণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।



সম্পর্কিত খবর