জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শনিবার (৭ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে পরিচালিত বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে।
বর্ধিত সময়সীমার আওতায় যেসব কোর্সে আবেদন করা যাবে সেগুলো হলো- বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত “২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি”-এর সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।