জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাঠের ভেতর মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও নীল-ঘিয়া রঙের গেঞ্জি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নওজর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, “মাঠের মধ্যে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখি, অত্যন্ত নির্মমভাবে লোকটিকে হত্যা করা হয়েছে।”
তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা বাদশা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।”