সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ সদর শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চারজন এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২), শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯), মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫) এবং কালীগঞ্জের তিনজন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে (মামলা নম্বর: ৫; তারিখ: ০৫/০৮/২০২৬)। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।