রংপুর

ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে হত্যা মামলার অভিযুক্ত ও দুই বছরের পলাতক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে সোমবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিন প্রমুখ। কর্মসূচিতে ওই এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের সময়ে পলাতক নুরুল চেয়ারম্যান এই এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। কেউ তাঁর বিরোধিতা করলেই তাকে মামলা দিয়ে সর্বস্বান্ত করত। বর্তমানে শোনা যাচ্ছে নুরুল চেয়ারম্যান রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন এবং তাঁদের মোটা অঙ্কের টাকা দিয়ে নিজেদের সমর্থনে আবারও পরিষদে বসার পাঁয়তারা করছেন। অনেক চেয়ারম্যানই রয়েছেন যাঁরা গণ-অভ্যুত্থানের পর পালাননি। তাঁকে কেন পালাতে হলো? পলাতক চেয়ারম্যান নুরুল যাঁরই সমর্থন বা সাহস পান না কেন, আমরা রায়পুর ইউনিয়নবাসী তাঁকে এখানে বসতে দেব না। তিনি এখানে এলেই এলাকা রণক্ষেত্রে পরিণত হবে।

 


সম্পর্কিত খবর