ঘরের মাঠে আনহেল ডি মারিয়ার দুর্দান্ত জোড়া গোলে গোলবন্যা ভাসালো রোজারিও সেন্ট্রাল। আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের ম্যাচে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।
এই দাপুটে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের পাশাপাশি শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরো মজবুত করল দলটি।
রবিবার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সফরকারীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করে স্বাগতিক রোসারিও। প্রথমার্ধে নিখুঁত পেনাল্টি শটে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়া। বিরতির ঠিক আগে বড় ধাক্কা খায় ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।
রোসারিওর গ্যাস্টন আভিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সফরকারী ডিফেন্ডার অ্যালেক্স আর্সে।
১০ জনের দলে পরিণত হওয়া রিভাদিয়ার ওপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় রোসারিও। ৫৭তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিভাদিয়া।
একে একে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৫-০ করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন।
চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে এখন রোসারিও সেন্ট্রাল। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এগোনো দলটির জন্য এই জয় বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
নিজেদের পরবর্তী ম্যাচে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তিগ্রের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।