খুলনা

দীর্ঘদিন পর কুষ্টিয়ায় ফিরছে ফুটবল, শুরু হচ্ছে জেলা পরিষদ গোল্ডকাপ

দীর্ঘদিন পর কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আবারও গড়াতে যাচ্ছে ফুটবল। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শেষ না হতেই জেলার ফুটবলপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে ‘জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।

আগামী ২৪ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলা, কুষ্টিয়া পৌরসভা এবং পিয়ারপুরের একটি দলসহ মোট আটটি দল অংশ নেবে। জেলা পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ক্রীড়া সংগঠক ফুহাদ রেজা ফাহিম। টুর্নামেন্ট সফল করতে জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা কোচ আকরাম হোসেন, জাতীয় ফুটবলার ও জেলা দলের অধিনায়ক আশরাফুল ইসলাম, কুষ্টিয়া ফুটবল একাডেমির সদস্য এবং জেলার ফুটবলাররা প্রস্তুতি ও আয়োজনের কাজে নিরলসভাবে কাজ করছেন।

জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, কুষ্টিয়ায় ফুটবলের ঐতিহ্য পুনরুজ্জীবিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

ক্রীড়া সংগঠক ফুহাদ রেজা ফাহিম বলেন, “দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বড় পরিসরে কোনো ফুটবল টুর্নামেন্ট হয়নি। আমাদের নেতা, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের উদ্যোগে এই আয়োজন বাস্তবায়িত হচ্ছে। টুর্নামেন্ট সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সাবেক জাতীয় ফুটবলার আকরাম হোসেন ও জাতীয় ফুটবলার আশরাফুল ইসলামকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।”

জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “টুর্নামেন্ট সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর আয়োজন উপহার দেওয়ার চেষ্টা থাকবে।”

আয়োজকদের আশা, দীর্ঘ বিরতির পর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কুষ্টিয়ার ফুটবলে নতুন প্রাণচাঞ্চল্য ফিরবে এবং জেলার তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের একটি কার্যকর মঞ্চ তৈরি হবে। 



সম্পর্কিত খবর