রংপুর

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের বিরুদ্ধে

ঠাকুরগাঁও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস। নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি ব্যক্তিগত কাজে নিজ দপ্তরের সরকারি গাড়ির সঙ্গে অন্য দপ্তরের সরকারি গাড়ি ব্যবহার এবং প্রকল্পের ফাইলে স্বাক্ষর করার নামে ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেছেন তিনি। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক বলছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ঠাকুরগাঁও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস গড়েছেন সম্পদের পাহাড়। সরকারি প্রোটোকল ভেঙে ব্যক্তিগত কাজে সপ্তাহে দুদিন গাড়ি ব্যবহার করেন তিনি। সপ্তাহে যাঁর তেল খরচ প্রায় ৭ হাজার ২০০ টাকা, মাসে ২৮ হাজার ৮০০ টাকা, যা বছরে গিয়ে দাঁড়ায় ৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা। পরিবার ঢাকায় থাকার সুবাদে প্রতি সপ্তাহেই যাতায়াত করেন বিমানে। আর এই যাতায়াতেই তিনি নিজ দপ্তরের গাড়ির পাশাপাশি ব্যবহার করেন অন্য দপ্তরের (বিএডিসি) গাড়িও। তাঁর এসব কাজের অন্যতম সহযোগী এলজিইডির সাবেক সিনিয়র সহকারী প্রকৌশলী সফিউল আলম (বর্তমানে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী); যাঁর সুফল তিনি নিজেও ভোগ করেছেন।

বিমানের টিকিটে তাঁর সপ্তাহে খরচ প্রায় ১২ হাজার টাকা, আর প্রতি মাসে খরচ হয় প্রায় ৬০ হাজার টাকা ও বছরে ৭ লাখ ২০ হাজার টাকা। অথচ সরকারি চাকরির ৫ম গ্রেডের এই কর্মকর্তা বাড়িভাড়া ১৭ হাজার টাকা বাদ দিয়ে মাসিক বেতন পান ৫৫ হাজার টাকা। তাহলে প্রশ্ন, প্রতি মাসে তাঁর আয়ের চেয়ে বাড়তি খরচের এত টাকা আসে কোথা থেকে? শুধু তা-ই নয়, ক্ষমতার অপব্যবহার ও সরকারি নিয়মের তোয়াক্কা না করেই প্রতিদিন অফিসে আসেন নিজের খেয়ালখুশি মতো। যাঁর সুবিধা নিতে ভুল করেন না অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও।

অনুসন্ধানে জানা যায়, তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন এবং তাঁর সদস্য নম্বর ছিল ৫৯। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন। তবে ২৪-এর ৫ আগস্টের পর ভোল পাল্টে নিজেকে গড়ে তুলেছেন ক্ষমতাসীন দলের অনুসারী হিসেবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর সঙ্গে যুক্ত থেকে পরিচালনা করেছেন নির্বাচনী কার্যক্রম।

একই অভিযোগ করে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ঠিকাদাররা জানান, বিগত সময়ে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন। ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে খোলস পাল্টে হয়ে গিয়েছেন নতুন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ একজন; রেখেছেন বড় নেতাদের সঙ্গেও সখ্য। প্রকল্পের কাজ সম্পন্ন করার পর অফিসে ফাইল জমা দিতে হয় স্বাক্ষরের জন্য। ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে স্বাক্ষরের জন্য ঘুষ দিতে হয় হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। আর টাকা না দিলে ফাইল পড়ে থাকে টেবিলেই। ঠিকাদারদের জিম্মি করে ও কাজ পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা ঘুষ নেন তিনি। তাঁর স্ত্রী ও স্বজনদের নামে-বেনামে রয়েছে অবৈধ সম্পদের পাহাড়। তাই দ্রুত এই অনিয়মের বিষয়ে তদন্ত প্রয়োজন।

ঠিকাদারসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর ভয়ে মুখ খুলতে নারাজ। তাঁর অফিসের গাড়িচালকসহ বেশ কয়েকজন কর্মচারী জানান, মামুন বিশ্বাসের খুঁটির জোর অনেক; মন্ত্রী, রাজনৈতিক নেতা ও হেড অফিসেও তাঁর সখ্য আছে। তাই তিনি অনেক ক্ষমতা নিয়ে যা ইচ্ছে তাই করেন, কোনো নিয়মের তোয়াক্কা করেন না।

ঠাকুরগাঁও এলজিইডির সাবেক সিনিয়র সহকারী প্রকৌশলী সফিউল আলম (বর্তমানে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী) জানান, “স্যার (মামুন বিশ্বাস) হয়তো ভুল করে ফেলেছেন, বিষয়টি এবারের মতো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হতো।”

অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রকৌশলী মামুন বিশ্বাস। বিভিন্ন অজুহাতে নিজের করা অনিয়ম ও দুর্নীতি অস্বীকার করেন তিনি। আর সংবাদ প্রকাশ না করার জন্য প্রস্তাব দেন অনৈতিক আর্থিক লেনদেনের।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সভাপতি আব্দুল লতিফ বলেন, “জবাবদিহি ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে জড়াচ্ছেন এসব কর্মকর্তা। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে এগিয়ে আসতে হবে এবং উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করা গেলে ধীরে ধীরে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি কমে আসবে।”

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের যে নিয়মনীতি আছে, তা মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও জেলা পর্যায়ে কোনো অনিয়ম ঘটলে দুদক তা তদারকি করে ব্যবস্থা নেবে।

তবে এ বিষয়ে দুদকের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।



সম্পর্কিত খবর