সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আলীকদমের ৪০০ পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এ দফায় মোট ১০ টন চাল বিতরণ করা হয়।
শনিবার (১ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম ধাপে উপজেলার ৬০০ পরিবারের মাঝে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল বলে জানায় জেলা পরিষদ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন এবং আলীকদম উপজেলা শ্রমিক দলের সভাপতি ছুরত আলম।
বক্তারা এ সময় বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগপীড়িত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।