রংপুর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি দেওয়ার আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বায়তুল মাল সম্পাদক মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সম্পাদক শাহীদ আল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য শিশির আসাদ এবং খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিন।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পেশ করা ১০ দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে গ্যাস সংকট নিরসনে কার্যকর ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা ও বাস্তবায়ন; দেশব্যাপী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ; বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে তা জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা; ভূতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্ত সাপেক্ষে সংশোধন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার নিশ্চিত করা।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি জোরদার ও কার্যকর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ; মজুতদারি, সিন্ডিকেট, কালোবাজারি ও বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ; জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা; নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণসহ সব সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান নেতারা। স্মারকলিপি দেওয়ার সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর