জয়পুরহাটের সদর উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বম্বু ইউনিয়নের ফিলিং স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসিবুর রহমান সরদার (৩৮)। তিনি ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদার পাড়া এলাকার বাসিন্দা এবং ক্ষেতলাল পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ভুক্তভোগীর প্রতিবেশী। ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগে স্থানীয়ভাবে সালিশও হয়। সালিশে তিনি এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিলেন।
অভিযোগ রয়েছে, গত ১৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগী বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় আসামি কৌশলে বাড়িতে ঢুকে তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরে রোববার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।