ঢাকা

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ ছাড়া চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা জাকিরের ছেলে মিরাজ (২০) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিরাজকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনার পর চৌয়ালা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।



সম্পর্কিত খবর