"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। রবিবার (২৭ জুলাই) সকালে নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাঁরা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে সুলভ মূল্যে চারা বিক্রি করা হচ্ছে। মেলাটি সাধারণ দর্শনার্থী, শিক্ষার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।