ঢাকা

নরসিংদীতে যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসংবলিত চিরকুটে প্রাণনাশের হুমকির অভিযোগ

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটও পাওয়া যায়। ওই চিরকুটে প্রাণনাশের হুমকির পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী না হতেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোবারক হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানান। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও লেখা সংবলিত একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়েও হুমকি দেওয়া হয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলেও চিরকুটে উল্লেখ রয়েছে।

মোবারক হোসেন বলেন, “ব্যবসায়িক কাজে আমি ঢাকায় ছিলাম। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানানো হলে দ্রুত ফিরে আসি। পরে স্থানীয় নেতাদের ও পুলিশকে জানাই। পুলিশ এসে ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট উদ্ধার করে। ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। আমি সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।”

এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তা তদন্ত করে বের করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখানে পাওয়া আলামতগুলো থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর