আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্র জমা দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসনের মধ্যে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে সর্বোচ্চ ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন করে, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন এবং নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।
নরসিংদীর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির খায়রুল কবির খোকন এবং জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূইয়া। নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির ড. আবদুল মঈন খান এবং নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনজুর এলাহি ও স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুল ইসলাম মৃধা লড়ছেন। বেলাব-মনোহরদী (নরসিংদী-৪) আসনে বিএনপির সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং রায়পুরা (নরসিংদী-৫) আসনে বিএনপির মো. আশরাফ উদ্দিনসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমাদানের সময়সীমা শেষ হওয়ায় এখন যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত সময়ের পর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।