নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যদিও গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ওই দিন দুপুরের দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠি নিয়ে দুই পক্ষ মারামারি করছেন। মাঠের মধ্যে ও আশপাশে দৌড়ে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালাচ্ছে।
ভিডিও পোস্ট করে অনেকে লিখেছেন, "আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ষাঁড়ের লড়াই! ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কী অবস্থা দেখুন।" আবার একজন মন্তব্য করেছেন, "রুখালীর মাঠে এঁড়ে লড়াই হবে আর মারামারি হবে না, তা কি হতে পারে!" আরেকজন লিখেছেন, "আবার তোরা মানুষ হ, নড়াইলের রুখালীতে এবারও ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ।"
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার অন্তত ১২০টি ষাঁড় এই লড়াইয়ে অংশ নেয়। এর মধ্যে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে লড়াই নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।