জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের খানদা হিন্দুপাড়ায় অবস্থিত ‘মান্নার দিঘী’তে মাছকে পঁচা ডিম খাওয়ানোর ঘটনায় তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুরের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
অভিযান সূত্রে জানা যায়, দিঘীতে মাছের খাদ্য হিসেবে বিপুল পরিমাণ পঁচা ডিম ব্যবহার করা হচ্ছিল। এতে আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং বসবাসরত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এলাকায় দুর্গন্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল।
এ ঘটনায় পুকুর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। মৎস্য চাষে স্বাস্থ্যবিধি অনুসরণ ও আইন মেনে চলা বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর হারুন উর রশিদ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।