রংপুর

পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুটি ভাল্ব অকেজো, প্রতিস্থাপনে দরকার ১০ লাখ টাকা

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)। পেশায় তিনি একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচণ্ড ব্যথার সঙ্গে তাঁর রক্তবমি শুরু হয়। দ্রুত তাঁকে নেওয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সেখান থেকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।

ইনস্টিটিউটে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। দ্রুত অপারেশন করে ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যেই। সময় পার হলে তাঁকে আর বাঁচানো সম্ভব হবে না।

শহীদের বাবা নুর ইসলাম জানান, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করাতে ইতোমধ্যে ১ লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাঁস-মুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ছেলের ভাল্ব প্রতিস্থাপনের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সব ধরনের সাহায্য-সহযোগিতা ও যোগাযোগের জন্য ০১৮৪৫-০১৬১৪৮ নম্বরে (বিকাশ/নগদ বা সরাসরি) যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



সম্পর্কিত খবর