রংপুর

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ ও সংবর্ধনা

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট সোমবার দুপুরে সমিতির সভাকক্ষে নির্বাচন পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুর ইসলাম।

পরে কার্যকরী কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আমিনুর ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, “পঞ্চগড় জেলার বাস অন্য জেলায় চলাচলে বাধার সম্মুখীন হচ্ছে। অথচ অন্য জেলার বাস পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে চলাচল করছে। আমরা এ সমস্যার সমাধান আশা করছি। পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ আমরা একটি ভালো জায়গায় এসেছি। আমাদের কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন। আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই কমিটি যেন ভালো কাজ করতে পারে, সেই প্রত্যাশা করি।”

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “আমরা কমিটির সদস্যদের মধ্যে দুজন বাদে সবাই পুরোনো। কাজেই কারও কোনো ভুল হলে সরাসরি আমাদের জানাবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিটি পরিচালনা করব। আমরা সবার কাছে সহযোগিতা চাই।”

এ সময় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটিসহ সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৮৭ জন ভোটারের মধ্যে ৮৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোহাম্মদ মতিয়ার রহমান সভাপতি পদে চেয়ার প্রতীকে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর পান ৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম মোটরগাড়ি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিবুল ইসলাম বাবলু বাইসাইকেল প্রতীকে পান ৪০ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে সহিদুল ইসলাম বটগাছ প্রতীকে ৫৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির মাছ প্রতীকে ৫৩ ভোট, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম তালা-চাবি প্রতীকে ৪৭ ভোট, সড়ক সম্পাদক পদে মো. মুন্না কলস প্রতীকে ৩০ ভোট, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন আম প্রতীকে ৫৬ ভোট এবং কার্যকরী সম্পাদক পদে কামরুল হাসান প্রজাপতি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে আমিনুর ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে মওদুদ খান এবং সদস্য হিসেবে জমিরুল ইসলাম, হারুন অর রশীদ, মনোয়ার হোসেন, আহামদুল হোসেন ও আশরাফুল ইসলাম আলম দায়িত্ব পালন করেন।

 


সম্পর্কিত খবর