পঞ্চগড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারী উদ্যোক্তাদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এতে সভাপতিত্ব করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন, "আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয়, আমরা তা করব। আমরা চাই ছুটির দিন শুক্র বা শনিবার নির্ধারিত কোনো স্থানে আপনারা প্রচার চালান। সেটি অনলাইন বা অফলাইন—যেকোনো মাধ্যমেই হোক না কেন।"
তিনি আরও বলেন, "ফ্যামিলি কার্ডধারীরা মাসিক ভিত্তিতে অর্থ পাবেন। এ ছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া এবং হস্তশিল্পে সহায়তা করার চেষ্টা করব। উদ্যোক্তারা যেন হারিয়ে না যান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পঞ্চগড়ে রিসোর্ট তৈরি করে পর্যটকদের আকর্ষণ বাড়াতে হবে, যেন পর্যটকরা পঞ্চগড়মুখী হন। পণ্যের দাম সহনীয় রেখে পণ্যের চাহিদা বাড়ানো সম্ভব; দাম বেশি হলে পণ্যের চাহিদা থাকবে না।"
নারী উদ্যোক্তারা পড়াশোনার পাশাপাশি বুটিক, সেলাই ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের কাজ করছেন।
নারী উদ্যোক্তারা জানান, তাঁরা স্বল্প পুঁজি নিয়ে কাজ শুরু করেন। তবে পণ্য তৈরির পর তা সঠিক উপায়ে বাজারজাত করতে পারছেন না। নির্দিষ্ট কোনো মার্কেটপ্লেস বা বিক্রয়কেন্দ্র না থাকায় বাজারজাতকরণে সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবার বা ব্যাংক থেকেও তাঁরা কাঙ্ক্ষিত আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। প্রশাসন ও ব্যাংক থেকে আর্থিক সহায়তা পেলে তাঁরা ব্যবসার আরও প্রসার ঘটাতে পারবেন এবং নতুন নারী উদ্যোক্তারাও উৎসাহিত হবেন।
মতবিনিময় সভায় 'ঐক্যবদ্ধ নারী উদ্যোক্তা পরিষদ'-এর পক্ষ থেকে পঞ্চগড়ের নারী উদ্যোক্তা আফরোজা রুবাদ একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, "আপনারা তো অনলাইনে ব্যবসা করেন। এখন অনেকেই অনলাইনে পণ্য অর্ডার করেন। আপনাদের চাহিদার ভিত্তিতে একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে পণ্যের মান যেন অবশ্যই ভালো হয়। পণ্যের মান ভালো হলে পরিচিতিও বাড়বে, মান খারাপ হলে আপনারা লাভবান হতে পারবেন না। আপনারা সাহস করে এ পেশায় এসেছেন। আমরা তো সে সাহস পাইনি, তাই চাকরিতে এসেছি; যেখানে মাস শেষে নির্দিষ্ট বেতন পাওয়া যায়।"
অনুষ্ঠানে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেল।