পঞ্চগড় সদর উপজেলার উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার বাসিন্দারা শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন। একই সঙ্গে এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে বলা হয়েছে, আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘাত সৃষ্টি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এ ছাড়া প্রতিবাদকারী ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুলাই (২০২৬) সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাঁদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পাশাপাশি গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করেন ভুক্তভোগীরা। এসব ঘটনার কারণে নারী, শিশুসহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন শেষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিজুল ইসলাম। তাঁর দাবি, উল্টো তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে।