রংপুর

পঞ্চগড় থেকে প্রকাশের ডিক্লারেশন পেল ‘দৈনিক পঞ্চগড় খবর’

পঞ্চগড় জেলা সদর থেকে প্রকাশের জন্য ‘দৈনিক পঞ্চগড় খবর’ নামের একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা ডিক্লারেশন পেয়েছে। বাংলাভিশন টিভির সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে এটি প্রকাশের অনুমোদন পেয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন। এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান মোশাররফ হোসেন।

পত্রিকাটির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ জেলার গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখের কথাও পত্রিকাটিতে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।

মতবিনিময় সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যানেল টুয়েন্টিফোর ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি এ হোসেন রায়হান, দৈনিক করতোয়া ও আজকালের খবরের সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভি ও বাংলানিউজের সোহাগ হায়দার, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভি ও রূপালী বাংলাদেশের ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি হরিশ চন্দ্র রায়, ডিবিসি ও আজকের পত্রিকার সাংবাদিক ফাহিম হাসান, বিটিভির সাংবাদিক ও বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাভলু, ইত্তেফাক ও নিউ নেশনের দেবীগঞ্জ প্রতিনিধি এবং দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজু প্রমুখ বক্তব্য দেন। সভায় জেলার পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর