নরসিংদীর পলাশ উপজেলায় মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দেওয়ার সময় এক মাইক্রোবাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহ করে চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু অবস্থায় থাকা বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাইক্রোবাসচালক মনির হোসেন পুলিশকে জানান, ঢাকার গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তি গুরুতর অসুস্থ ওই বৃদ্ধকে তার গাড়িতে তুলে দেন। তাদের অনুরোধে তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে পুলিশের ঝামেলায় জড়ানোর আশঙ্কায় তিনি ভয় পেয়ে যান এবং পরে নরসিংদীর একটি নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের পরিচয় এবং তিনি কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।