বরিশাল

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, বাউফলে ৩০ জনকে সনদ প্রদান

পটুয়াখালীর বাউফলে বুধবার দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শেষে পটুয়াখালীর বাউফলে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার দেশের ১৫০টি উপজেলায় সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বাউফলে দ্বিতীয় ধাপে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ৮ জন নারী রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে নরসুন্দর (নাপিত), কুমার, কামার, বাঁশ ও বেতশিল্পী, নকশিকাঁথা কারিগর, মুচি, বাদ্যযন্ত্রশিল্পী (বাউল) এবং মালাকার (সুইপার) পেশার প্রতিনিধিরা ছিলেন।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে নির্বাচিত প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী একটি সনদের পাশাপাশি ১৮ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া তাদের দক্ষতা মূল্যায়নের জন্য ছয় মাস পর ফলোআপ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের উৎপাদিত পণ্য দেশের আট বিভাগের নির্ধারিত কার্যালয়ের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ ও বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের আয় বৃদ্ধি ও টেকসই কর্মসংস্থানে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের ডেস্ক অফিসার মো. বিল্লাহ হোসেন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 



সম্পর্কিত খবর