ঢাকা

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার করা যাবে না: এলজিআরডি মন্ত্রী মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকারে এসেছে, কোনো ভুয়া ভোটে নয়।

তিনি আরও বলেন, দেশে গুটিকয়েক লোক মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুযোগ ব্যবহার করে মিথ্যাচার করবে—তা হতে দেওয়া যাবে না।

মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর