রংপুর

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো ধরনের আঁতাত বা আপস নয়: নেতাকর্মীদের উদ্দেশে পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আঁতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনে জয়লাভের জন্য কেউ যেন কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি বা তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা না করেন। পারিবারিক পরিচয় বা অন্য কোনো মাধ্যমের সুযোগ নিয়ে এমন কাউকে দলে জায়গা দেওয়ার বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট দেয়নি, তাদের স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে কী লাভ? বিষয়টি দলীয় নেতাকর্মীদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে জিয়া পরিবারের ঐতিহাসিক অবদান রয়েছে। অন্যদিকে, এসব আন্দোলনের বিরোধিতাকারী বিভিন্ন শক্তি ভবিষ্যতে নিজেদের স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কর্মকাণ্ড ও সরকারের কার্যক্রম মাঠে-ঘাটে ও হাটে-বাজারে জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো গুপ্ত বা সুপ্ত শক্তি দলের ক্ষতি করতে পারবে না।

সমাবেশ শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্কে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি ও আবদুল্লাহ আল মামুন রনিকসহ পঞ্চগড় জেলার ৫টি উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর