বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা ও চাম্বলে বেসরকারি হাসপাতাল ভাঙচুরসহ একাধিক মামলার আসামি দৈনিক জনকণ্ঠ পত্রিকার বাঁশখালী সংবাদদাতা জোবাইর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব চাম্বল নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার নুরুল ইসলাম লেডুর ছেলে। জোবাইর সাবেক ছাত্রলীগ নেতা।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে এসআই গোলাম ছরওয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ৩টি মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জোবাইর চৌধুরীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।