বরিশাল

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা: নেতাকর্মীদের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান।

 

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বাউফলের মানুষ ঐক্যবদ্ধ। নির্বাচনী পরিবেশ বজায় রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

ইউনিয়ন বিএনপির এই বিশাল সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বিকেলে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

কালাইয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার এবং সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। এসময় বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান খোকনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর