বরিশাল

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ‘বসতবাড়ি’, অতিষ্ঠ রোগী ও স্বজনরা

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ উঠেছে, হাসপাতাল চত্বরে কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্স ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে অবস্থান করে পুরো এলাকাকে যেন নিজেদের ‘বসতবাড়ি’তে পরিণত করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি রোগী অন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলে সিন্ডিকেটের সদস্যরা নিজেদের অ্যাম্বুলেন্স ব্যবহারে চাপ সৃষ্টি করেন। অনেক ক্ষেত্রে রোগীর স্বজনরা বাইরে থেকে কম ভাড়ার অ্যাম্বুলেন্স আনতে চাইলে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন।এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের দাবি, হাসপাতাল চত্বরে বহিরাগত অ্যাম্বুলেন্সের দীর্ঘসময় অবস্থান এবং কিছু ব্যক্তির প্রভাব বিস্তার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, হাসপাতালটি যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে।

 

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে আমরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছি। কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগীদের কর্মকাণ্ডে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে আমি চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে অবহিত করেছি। এসব সমস্যা সমাধান করা শুধু আমার একার দায়িত্ব নয়। আমি একজন নিরস্ত্র মানুষ হিসেবে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছি‘



সম্পর্কিত খবর