বরিশাল

বামনায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৭ জুলাই সোমবার বেলা ১১টায় বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা বাজারে পূবালী ব্যাংক বামনা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডৌয়াতলা বাজারের আবদুস শুকুর হাজীর ভবনে আলোচনা সভায় মিলিত হয়। বামনা শাখা ব্যবস্থাপক সৈয়দ ফিরোজ আহমেদের সভাপতিত্বে ক্যাশলেস লেনদেনবিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রাশেদ খান মামুন, সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ছালেহ হাওলাদার, জুনিয়র ডেপুটি অফিসার মো. মামুন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং ব্যবসায়ী হাজী মোহাম্মদ আবদুস শুকুর প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, “স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। গ্রাহকদের দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী সেবা প্রদানে পূবালী ব্যাংক ইতিমধ্যে উন্নত প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলেছে।”

 

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা আরও সহজ করার ওপর জোর দিয়ে বক্তারা জানান, এতে সাধারণ মানুষ পকেটে নগদ টাকা না রেখেও শুধু স্মার্টফোন ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল লেনদেনে গ্রাহকদের সাইবার নিরাপত্তার ঝুঁকি হ্রাসে ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির বিষয়েও সভায় আলোকপাত করা হয়।

 


সম্পর্কিত খবর