বরগুনার বামনা উপজেলায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
২৭ জুন শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবগঠিত কমিটির সভাপতিরা হলেন ১০নং চেঁচান সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ কামরুল ইসলাম, ১১নং কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ হাসিব জোমাদ্দার, ১২নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইঞ্জিনিয়ার রায়হান নাজি ধলু, ১৬নং পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ ইব্রাহিম মুক্তাদি ও ২০ নং ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোসাঃ কাজল রেখা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে সরকারি বিধিমালা অনুযায়ী এসব বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অভিভাবকদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতিরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটিগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিদ্যালয়গুলোর উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।